বিনোদন
ছবি: সংগৃহীত

আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

নিজেস্ব প্রতিবেদক:

পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ গুরুতর অসুস্থ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত তিন দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বর্তমানে হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এই নাট্যব্যক্তিত্বকে।

পরিবারের একাধিক সদস্য তাঁর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েছিলেন মামুনুর রশীদ। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া এবং রক্তে সংক্রমণ শনাক্ত হয়। সে সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে। সুস্থ হওয়ার পর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফিরে পুনরায় অভিনয়ে যুক্ত হন তিনি।

শুধু অভিনয় নয়, নাট্যকার ও নির্দেশক হিসেবেও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মামুনুর রশীদের। স্বাধীনতার পর নাট্যচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন নাট্যদল ‘আরণ্যক’। দলটির উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তাঁর প্রথম টেলিভিশন নাটক ছিল ‘চেনামুখ’। পরবর্তী সময়ে মঞ্চনাটকের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে নিজস্ব অবস্থান তৈরি করেন।

বড় পর্দায় তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেতা।

মতামত দিন