অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমেছে রুপা-প্লাটিনামের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

এক দিনের ব্যবধানেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বুধবার লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৩ হাজার ৫২০ ডলারের নিচে নেমে আসে।

একই প্রবণতা দেখা গেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের বাজারেও। ডলারের শক্তি বৃদ্ধি এবং শেয়ারবাজারের অস্থিরতা মূল্যবান ধাতুগুলোর ওপর চাপ তৈরি করেছে।

এএনজেডের বিশ্লেষক সোনি কুমারীর মতে, সাম্প্রতিক দরপতনের পেছনে বিনিয়োগকারীদের নগদ অর্থের চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেয়ারবাজারে বিক্রির চাপ বাড়ায় মার্জিন কল পরিশোধের জন্য অনেক বিনিয়োগকারী সম্পদ বিক্রি করতে বাধ্য হয়েছেন। এতে স্বর্ণের বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বাজারসংশ্লিষ্টরা। নীতিগত সিদ্ধান্তের অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময় বুধবার বেলা ১টা ৮ মিনিটের হিসাবে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৫১৯ দশমিক ৯৪ ডলার। আগের দিনের তুলনায় এটি ১ শতাংশ কম। ডিসেম্বরে সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ৩ হাজার ৫১৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত ২০ নভেম্বর স্বর্ণের দর ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

অন্যান্য ধাতুর মধ্যে প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ৪০ দশমিক ৪১ ডলারে, যা আগের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম। প্লাটিনামের দর কমে ১ হাজার ২৬০ দশমিক ৩২ ডলার এবং প্যালাডিয়ামের দাম নেমে ৮৫০ দশমিক ৪৫ ডলারে এসেছে।

আন্তর্জাতিক বাজারের এই দরপতনের বিপরীতে বাংলাদেশের বাজারে বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নির্ধারিত মূল্য ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। ২১ ক্যারেটের ক্ষেত্রে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা। এসব দাম ভ্যাটসহ নির্ধারিত।

মতামত দিন