সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও সাত কর্মকর্তা।
পুলিশের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এনে সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। জেলা পর্যায়ের দায়িত্বে আনা হয়েছে মহানগর পুলিশ, এপিবিএন, সিআইডি ও পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাদের।
নতুন দায়িত্ব বণ্টনে গাইবান্ধার বর্তমান এসপি জসিম উদ্দীনকে পাঠানো হয়েছে ফেনীতে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। অন্যদিকে, নওগাঁর দায়িত্ব পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
মহানগর পুলিশ থেকে জেলা পর্যায়ে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম, যিনি সুনামগঞ্জের এসপি হয়েছেন। ডিএমপির মোহাম্মদ হারুন অর রশিদকে দেওয়া হয়েছে লালমনিরহাটের দায়িত্ব। একই সংস্থার উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ নিয়োগ পেয়েছেন নড়াইলে।
এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা জেলার পুলিশ সুপার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব নিয়োগ ও বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। এতে পুলিশের আরও সাত কর্মকর্তার বদলির আদেশও রয়েছে।

মতামত দিন