আগামী বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা কবে,সম্ভাব্য তারিখ প্রকাশ।
মাত্র কয়েক বছরের ব্যবধানে শীতকালেই রমজান মাসের আগমন ঘটতে যাচ্ছে। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস।
হিজরি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হওয়ায় প্রতিবছরই ইংরেজি ক্যালেন্ডারের তুলনায় রমজান ও দুই ঈদের তারিখ প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। সৌরনির্ভর গ্রেগরীয় বর্ষপঞ্জির তুলনায় চান্দ্র বছর প্রায় ১০ থেকে ১২ দিন ছোট। ফলে বছরের বিভিন্ন সময়ে রমজান মাস ও ঈদ উদযাপনের সুযোগ তৈরি হয়।
সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ। ৮ মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২৯ রোজা পূর্ণ হওয়ার পর ৯ মার্চ মঙ্গলবার ঈদ উদযাপিত হবে। সেদিন চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর পালিত হতে পারে।
অন্যদিকে, ২০২৭ সালের মে মাসের মাঝামাঝি সময়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৫ থেকে ১৮ মে’র মধ্যে আরাফাত দিবস ও ঈদুল আজহার সম্ভাব্য সময় পড়তে পারে। তবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ।
উল্লেখ্য, রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসে সেহরি, ইফতার, দান-সদকা ও বিশেষ ইবাদতের গুরুত্ব রয়েছে। অন্যদিকে ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলিম উম্মাহর দুটি প্রধান ধর্মীয় উৎসব।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত তারিখের পার্থক্য হতে পারে। প্রচলিত হিজরি রীতি অনুযায়ী, চাঁদ দেখার ভিত্তিতেই রমজান ও ঈদের তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে।

মতামত দিন