জাতীয়
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

মজুরি নির্ধারণে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চতুর্থ গ্রেডের মাসিক সর্বনিম্ন বেতন ঠিক হয়েছে ১৭ হাজার টাকা।

অন্য তিন গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ থেকে ২১ হাজার ৫০০ টাকার মধ্যে।

নতুন কাঠামোতে গ্রেডভিত্তিক মজুরি হচ্ছে—প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা। চতুর্থ গ্রেডের ক্ষেত্রে ছয় সদস্যের ভোটে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তেই চূড়ান্ত হয় ১৭ হাজার টাকা।

শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দীর্ঘ আলোচনা এবং দর-কষাকষির পর এই সিদ্ধান্ত আসে। ২৪ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে শুরু হওয়া চতুর্থ সভা শেষ হয় পরদিন মধ্যরাতে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে প্রায় ১২ ঘণ্টা ধরে চলে আলোচনা।

নতুন মজুরি নির্ধারণের পর শ্রমিক প্রতিনিধিরা কর্মীদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে শুধু সিদ্ধান্ত ঘোষণা নয়, দ্রুত এর বাস্তবায়ন নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তারা।

মালিকপক্ষের বক্তব্য, শিল্পের বর্তমান সক্ষমতা এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই নতুন মজুরি কাঠামো ঠিক করা হয়েছে। পোশাকশিল্পের ধারাবাহিকতা ও উৎপাদন সক্ষমতা বজায় রাখার বিষয়টিও সিদ্ধান্ত গ্রহণে বিবেচনায় ছিল।

বোর্ড জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এ বিষয়ে শিগগির সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মজুরি বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমিক অসন্তোষ প্রশমিত হওয়ার পাশাপাশি শিল্পের উৎপাদন পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন