জাতীয়
ছবি: সংগৃহীত

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের গ্রামীণ সড়ক, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও উপকূলীয় অবকাঠামো উন্নয়নে নতুন করে বড় অঙ্কের অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অনুমোদিত ১০ প্রকল্পের পাশাপাশি আরও সাতটি স্বল্পব্যয়ের প্রকল্প সম্পর্কে সভাকে অবহিত করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের অর্ধেকের কিছু বেশি আসবে সরকারি কোষাগার থেকে। সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা। এ ছাড়া প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দেবে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

প্রকল্পের ধরন বিবেচনায় পাঁচটি সম্পূর্ণ নতুন উদ্যোগ। চারটি চলমান প্রকল্পের সংশোধনী এবং অন্যটির ক্ষেত্রে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোই অনুমোদিত উদ্যোগগুলোর উল্লেখযোগ্য অংশ।

স্বাস্থ্যসেবায় বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়াতে আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন করা হয়েছে। একইভাবে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পেও পরিবর্তন আনা হয়েছে। এর সঙ্গে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণের বিষয়টি যুক্ত রয়েছে।

গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে পাবনা এবং চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের জন্য দুটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। অন্যদিকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নেও নতুন বিনিয়োগ আসছে। ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।

উপকূলীয় অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষিকাজে পানির ব্যবহার সহজ করতে কক্সবাজারের পেকুয়ায় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসনের প্রকল্পও অনুমোদিত হয়েছে। এতে পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া চরফ্যাশনে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে উন্নয়ন প্রকল্পের চতুর্থ সংশোধনও অনুমোদন পেয়েছে।

মূল ১০ প্রকল্পের বাইরে ৫০ কোটি টাকার কম ব্যয়ের সাতটি উদ্যোগের বিষয়েও সভায় আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ, বন্যার পর জরুরি পুনর্গঠন সহায়তা এবং কেন্দ্রীয় প্যাকিং হাউসের উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ।

মৎস্যসম্পদ খাতেও দুটি উদ্যোগ রয়েছে। একটি ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, অন্যটি দেশের অভ্যন্তরীণ জলাশয়ের মাছের মজুত নিরূপণের জরিপ পদ্ধতির উন্নয়ন। পাশাপাশি ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের সক্ষমতা বাড়ানো এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের প্রকল্পও রয়েছে। এসব ছোট প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন