জাতীয়
ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের রিয়াদগামী ফ্লাইটের জন্য আরও অপেক্ষা করতে হবে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার স্থগিতাদেশ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

তবে রিয়াদ রুট বন্ধ থাকলেও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের আকাশপথের যোগাযোগ পুরোপুরি বন্ধ হচ্ছে না। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী ফ্লাইটগুলো আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

রিয়াদে যাওয়ার টিকিট কাটা যাত্রীদের জন্য বিকল্প যাত্রার সুযোগও রেখেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে তারা জেদ্দা, দাম্মাম অথবা মদিনা হয়ে সৌদি আরবে যেতে পারবেন। ফলে রিয়াদগামী যাত্রীরা বিকল্প গন্তব্য ব্যবহার করে ভ্রমণের সুযোগ পাবেন।

সংস্থাটি জানিয়েছে, ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে জানানো হবে।

এদিকে টিকিটের পরিবর্তন, বিকল্প রুট এবং ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মতামত দিন