ঝিনাইদহে ডাকাতির আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, বাঁচল না নবজাতক।
সন্তান জন্মের মুহূর্তে হাসপাতালের বদলে অ্যাম্বুলেন্সেই থাকতে হলো এক প্রসূতিকে। তার ওপর মাঝপথে মুখোশধারী ডাকাতদের হামলা।
ঘটনাটি ঘটে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে। ভুক্তভোগী পরিবার চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমানের। তিনি অনলাইন সংবাদমাধ্যম ‘চুয়াডাঙ্গা পোস্ট’-এর উপদেষ্টা সম্পাদক।
পরিবারের সদস্যদের নিয়ে যশোরের উদ্দেশে অ্যাম্বুলেন্সে রওনা হয়েছিলেন আবদুল্লা আল নোমান। সঙ্গে ছিলেন সন্তানসম্ভবা স্ত্রী এবং পরিবারের আরও তিনজন। সিংদহ এলাকায় পৌঁছানোর পর তাদের পথ আটকে দেয় ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী দল। সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে যান চলাচল বন্ধ করে দিয়েছিল তারা।
আবদুল্লা আল নোমানের ভাষ্য, ডাকাতেরা তার নিজের, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া নগদ অর্থের পরিমাণ এক লাখ টাকা। এ ঘটনার আকস্মিকতায় তার স্ত্রী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন তিনি। তবে নবজাতককে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
ডাকাতির পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের এসআই হাসান আলী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, সড়কে গাছ ফেলে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের টহল দল সেখানে যায়। অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী নারী প্রচণ্ড রক্তক্ষরণে ভুগছিলেন। তবে প্রাথমিকভাবে নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
পরে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান নবজাতকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। ডাকাতিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন