আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হজের অপেক্ষায় গাজার ১০ হাজার ফিলিস্তিনি, স্বপ্ন অপূর্ণ রেখেই মারা গেছেন প্রায় ৪০০ জন।

নিজেস্ব প্রতিবেদক:

মক্কায় গিয়ে হজ পালনের জন্য বছরের পর বছর সঞ্চয় করেছেন গাজার বহু ফিলিস্তিনি। নিবন্ধনও করেছেন।
কিন্তু যুদ্ধ ও রাফাহ সীমান্তে চলাচলের বিধিনিষেধে তিনটি হজ মৌসুম পেরিয়ে গেলেও তাঁদের যাত্রা হয়নি। ২০২৭ সালের হজ সামনে রেখে আবারও অনিশ্চয়তায় প্রায় ১০ হাজার নিবন্ধিত হজযাত্রী। এই অপেক্ষার মধ্যেই হজে যাওয়ার আগেই মারা গেছেন প্রায় ৪০০ জন।

গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আত্তাল জানান, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে নিবন্ধন করা প্রায় ১০ হাজার ফিলিস্তিনি অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। যাত্রার ব্যবস্থা হলে ২০২৩ সালের হজ লটারিতে নির্বাচিতদের অগ্রাধিকার দেওয়া হবে। মারা যাওয়া নিবন্ধনকারীদের বরাদ্দে তাঁদের পরিবারের সদস্যদের হজের সুযোগ দেওয়ার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।

বুকিং শেষ করেও যাত্রা বাতিল

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনের মোট ৬ হাজার ৬০০ জনের হজ কোটার মধ্যে গাজার জন্য বছরে প্রায় ২ হাজার ৫০৮টি আসন বরাদ্দ থাকে। ২০২৪ সালের মে মাসে রাফাহ ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় মক্কা ও মদিনায় আবাসন ও যাতায়াতের বুকিং শেষ করেও প্রায় আড়াই হাজার হজযাত্রীর যাত্রা বাতিল হয়। যুদ্ধ ও সীমান্তে বিধিনিষেধের কারণে ২০২৫ ও ২০২৬ সালেও গাজার বাসিন্দারা হজে যেতে পারেননি। ২০২৬ সালের শুরুর দিকে সীমান্ত আংশিক খুললেও চলাচল মানবিক প্রয়োজনেই সীমাবদ্ধ ছিল।

নিরাপদে যাওয়া ও ফেরার নিশ্চয়তা চান হজযাত্রীরা

আল-আত্তালের ভাষ্য, সৌদি আরবের প্রস্তুতি ও মিসরের প্রচেষ্টা সত্ত্বেও রাফাহ দিয়ে হজযাত্রীদের যাতায়াতের ব্যবস্থা হয়নি। ১৪৪৮ হিজরি তথা ২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে তিনি গাজার হজযাত্রীরা যাতে নিরাপদে সৌদি আরবে পৌঁছাতে পারেন এবং হজ শেষে নিজ ভূমিতে ফিরতে পারেন, তার সুনির্দিষ্ট নিশ্চয়তা চেয়েছেন।

অপেক্ষমাণ অনেকের বয়স বাড়ছে। টানা তিন মৌসুম পেরিয়ে তাঁদের সামনে এখন একটাই প্রশ্ন—এবার কি হজের জন্য গাজা ছাড়ার পথ খুলবে?

মতামত দিন