আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়ক, উন্মোচন হলো নামফলক।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিনের এক অধ্যায় হয়ে থাকা খালেদা জিয়ার নাম এবার স্থান পেল যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সড়কে। শহরটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নামকরণ করা হয়েছে তার নামে।

নতুন নাম দেওয়া হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

এই উদ্যোগের পেছনে ছিলেন শিকাগো সিটির কাউন্সিলম্যান গিলবার্ট ভিলেগাস। গত ২৩ সেপ্টেম্বর তিনি সড়কটির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে আয়োজিত অনুষ্ঠানে নিজেই নতুন নামের ফলক উন্মোচন করেন তিনি।

নামফলক উন্মোচনের আয়োজনটি ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়। এতে অংশ নিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো বিশ্বপরিচিত শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শুধু একজন রাজনৈতিক নেত্রীর স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও প্রবাসীদের জন্যও স্মরণীয় ঘটনা।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলন, এক-এগারোর রাজনৈতিক সংকট এবং পরবর্তী সময়ের দীর্ঘ আন্দোলনে তিনি আপসহীন নেতৃত্বের পরিচয় দিয়েছেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন এবং কারাবরণ করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও তার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, মানুষের জীবনে ক্ষমতার মেয়াদ সীমিত হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মূল্য কখনো শেষ হয় না। খালেদা জিয়ার জীবনসংগ্রাম তাকে বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে দেশনেত্রী ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অন্যদিকে, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা মনে করেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন