জাতীয়
ছবি: সংগৃহীত

২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পরিসর বাড়াতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। ২০৩১ সালের মধ্যে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তির পরিবর্তন, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করেছে সরকার। শিগগিরই এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য তোলা হবে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশকে উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করাই নতুন নীতিমালার অন্যতম উদ্দেশ্য। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য অর্জনে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদন, শিল্প সরবরাহ এবং আন্তর্জাতিক মূল্যশৃঙ্খলের সঙ্গে সম্পৃক্ত করা হবে।

এসএমই প্রতিষ্ঠানগুলোকে কেবল স্থানীয় বাজারের ক্রেতাদের ওপর নির্ভরশীল না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ করার পরিকল্পনার কথাও জানান।

উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আগামী চার বছরে এ কর্মসূচির আওতায় ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে।

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে এসএমই খাতের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালির মতো দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটিয়েই অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। বিশ্বে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশই এ শ্রেণির উদ্যোগ। তাই বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে এ খাতের উৎপাদন ও সম্প্রসারণ জরুরি।

তবে মূলধন ও প্রযুক্তির সংকট, ঋণ পেতে জটিলতা, দক্ষ কর্মীর অভাব এবং পণ্য বিপণনের দুর্বলতাকে এসএমই খাতের বড় বাধা হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। এসব সমস্যা কাটাতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে নিজেদের সক্ষমতা দেখিয়েছে। এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পের পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃতভাবে প্রবেশ করতে হবে।

এ প্রসঙ্গে ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ দেন তিনি। দেশটির বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট পণ্য উৎপাদনের বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে উঠেছে। কোথাও চামড়ার পণ্য ও জুতা, আবার কোথাও সিরামিক টাইলস তৈরি হয়। বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পাঞ্চলগুলোতেও এ ধরনের সমন্বিত উৎপাদনব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এগুলোকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ ও সৃজনশীল অর্থনীতির আওতায় উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী পণ্যের নকশা, মান ও প্যাকেজিং উন্নত করতে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আন্তর্জাতিক বাজারে দেশীয় উদ্যোক্তাদের সরাসরি প্রবেশের সুযোগ তৈরিতে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো শহরে বাংলাদেশি পণ্য নিয়ে মেলার আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। সম্প্রতি তুরস্কে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি ক্রেতারা এসব পণ্যের প্রতি আগ্রহ দেখালেও তাৎক্ষণিক অর্ডার গ্রহণের প্রস্তুতি না থাকায় সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যায়নি।

ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি, যাতে বিদেশি ক্রেতারা সরাসরি পণ্যের অর্ডার দিতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং ও লেনদেনের ব্যবস্থাও সেখানে থাকে।

এ ছাড়া আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রচার, জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা এবং উদ্যোক্তাদের সঙ্গে দেশি-বিদেশি ক্রেতাদের যোগাযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এবারের এসএমই পণ্য মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। বুটিক, পোশাক, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রির মাধ্যমে তারা অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ ও বাজারজাতকরণের বাধা দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়ার চিন্তা করছে সরকার।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। এসএমই খাতের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন তিনি। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), স্টার্টআপ, গ্রিন এসএমই এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তারা রয়েছেন।

সূত্র: বাসস

মতামত দিন