আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফিনল্যান্ড উপসাগরে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলায় ভয়াবহ আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা এবার বাল্টিক সাগরেও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে।

তবে জাহাজে থাকা ১৬ নাবিকের কেউ হতাহত হননি। লাইফবোটে করে জাহাজ ছেড়ে বেরিয়ে আসার পর তাদের উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ১২১ মিটার দীর্ঘ ‘স্পার্টা-২’ জাহাজটিতে পরপর দুটি ড্রোন আঘাত হানে। হামলার সময় জাহাজটি রাশিয়ার কালিনিনগ্রাদের উদ্দেশে যাচ্ছিল। আঘাতের পরপরই এতে আগুন ধরে যায়। পরে ক্ষতিগ্রস্ত অবস্থায় জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।

ঘটনার পর উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দেয় ফিনল্যান্ড। অগ্নিনির্বাপণ ও নাবিকদের উদ্ধারে দেশটির সঙ্গে এস্তোনিয়া এবং সুইডেনও অংশ নেয়। অভিযান শেষে জাহাজের ১৬ নাবিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

হামলার উৎস নিয়ে ফিনল্যান্ডের কর্তৃপক্ষের সন্দেহের তির ইউক্রেনের দিকে। তাদের ধারণা, এ ঘটনায় ইউক্রেনের সংশ্লিষ্টতা থাকতে পারে। যদিও কিয়েভ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

জাহাজটির পরিচয় সামনে আসার পর হামলার তাৎপর্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। ‘স্পার্টা-২’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকার সংশ্লিষ্ট একটি জাহাজ। এ কারণে এতে সামরিক সরঞ্জাম কিংবা গুরুত্বপূর্ণ কোনো পণ্য পরিবহন করা হচ্ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে জাহাজে কী ধরনের পণ্য ছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের আশঙ্কা, বাল্টিক সাগরে এ ধরনের ঘটনা ইউরোপের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলোর কাছাকাছি এলাকায় রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি নতুন করে সামনে এসেছে।

সূত্র: রয়টার্স

মতামত দিন