রাজনীতি
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ৬ সচিবসহ ৭ জনকে আইনি নোটিশ।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে দেশে এনে আইনি হেফাজতে নেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করার হুঁশিয়ারি দিয়েছেন নোটিশদাতা।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে এ আইনি নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারসহ সাতজনকে এতে বিবাদী করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলে নোটিশ পাঠানো হয়।

নোটিশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টিকে রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পর্কহীন বলে উল্লেখ করেছেন আইনজীবী। তার বক্তব্য, কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষে-বিপক্ষে অবস্থান থেকে নয়, বরং সংবিধানের দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধানের ২১ অনুচ্ছেদে রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার দায়িত্ব এবং ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় পাওয়ার অধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে।

তবে নোটিশে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, দীর্ঘ সময় সরকারপ্রধানের দায়িত্বে থাকায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা, গোয়েন্দা কার্যক্রম, কূটনৈতিক প্রোটোকল ও নিরাপত্তাসংক্রান্ত স্পর্শকাতর তথ্য থাকতে পারে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য অন্য রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ঝুঁকিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ প্রসঙ্গে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ টেনেছেন নোটিশদাতা। ২০১৫ সালে হাদির সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপ জড়িয়ে পড়ে। একইভাবে ২০১৪ সালে ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর ইউক্রেনের ভূরাজনীতিতে বড় পরিবর্তন ঘটে। পরবর্তী সময়ে ক্রিমিয়া দখল এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে এমন বৈরিতা কিংবা সামরিক সংঘাতের পরিস্থিতি এড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

শেখ হাসিনাকে ফেরানোর জন্য নোটিশে কয়েক ধাপের একটি পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। প্রথম পর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা বা ‘নোট ভার্বাল’ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার আইনি অধিকার ও ন্যায়বিচার পাওয়ার বিষয়টি উল্লেখ করে নিরাপদ প্রত্যাবর্তনে ভারতের সহযোগিতা চাওয়ার কথা বলা হয়েছে।

পরবর্তী ধাপে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে কাজে লাগানোর প্রস্তাব রয়েছে। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার প্রসঙ্গ টেনে নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনা হাইকমিশনে প্রবেশ করে বাংলাদেশ সরকারের কাছে আত্মসমর্পণ করতে পারেন। এরপর পুলিশের বিশেষ প্রশিক্ষিত দল হাইকমিশন প্রাঙ্গণে তাকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নিতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে।

তার প্রত্যাবর্তনের জন্য হাইকমিশন থেকে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করার কথাও বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনের সমন্বয়ে বাণিজ্যিক উড়োজাহাজ অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাকে দেশে আনার প্রস্তাব রয়েছে। যাত্রাপথে পুলিশের সার্বক্ষণিক পাহারা ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও উল্লেখ করেছেন আইনজীবী।

দেশে ফেরার পর তাকে কোথায় রাখা হবে, সে বিষয়েও একটি বিশেষ প্রস্তাব দিয়েছেন নোটিশদাতা। তার মতে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ সাবজেল বা উপকারাগার ঘোষণা করা যেতে পারে। কারা আইন ও জেল কোড অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বিমানবন্দরে অবতরণের পর জনসমাগম ও নিরাপত্তাজনিত জটিলতা এড়াতে পুলিশের হেলিকপ্টারে সরাসরি তাকে টুঙ্গিপাড়ায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বিচারিক অধিকার প্রসঙ্গে নোটিশে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকা অবস্থায় শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন। আইনটির ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। তবে যথাযথ কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন করা হলে সেটি বিবেচনার এখতিয়ার আপিল বিভাগের রয়েছে বলেও নোটিশে বলা হয়েছে।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে চলমান অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলাও যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য ভার্চুয়াল আদালত ব্যবহারের সুপারিশ করা হয়েছে। আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসারে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা ও সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এতে নিরাপত্তার ঝুঁকি কমিয়ে বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করেন নোটিশদাতা।

নোটিশে আরও বলা হয়েছে, আপিলসহ সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট আদালতের দেওয়া রায় ও আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে আইনের শাসন এবং সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত পদক্ষেপগুলোর বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রক্ষার যুক্তিতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে মামলা করার ঘোষণা দিয়েছেন আইনজীবী মাহমুদুল হাসান মামুন।

মতামত দিন