গ্রামীণ অবকাঠামো ও নদী খননে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন।
সড়ক যোগাযোগের উন্নয়ন থেকে শুরু করে নদীভাঙন রোধ—বিভিন্ন উন্নয়ন খাতে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী একনেকের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। গ্রামীণ এলাকার যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ, নদী ও খাল খনন, ভাঙনপ্রবণ এলাকার সুরক্ষা এবং সড়ক অবকাঠামোর উন্নয়নকে প্রকল্পগুলোর প্রধান লক্ষ্য হিসেবে রাখা হয়েছে।
প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে স্থানীয় সরকার খাত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও একনেকের ছাড়পত্র পেয়েছে।
একনেকের সিদ্ধান্ত অনুযায়ী, অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি সম্পূর্ণ নতুন। বাকি দুটি আগে অনুমোদিত প্রকল্পের সংশোধিত রূপ। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি ও যোগাযোগব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নদীভাঙন এবং জলাবদ্ধতা মোকাবিলায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন