বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে এটি নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি প্রথমে নিম্নচাপে এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাঁর ভাষায়, ‘এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।’
সম্ভাব্য গতিপথ সম্পর্কে তিনি জানান, ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে লঘুচাপটির অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপে পরিণত হওয়ার আগে এর গতিপথ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। নিম্নচাপ তৈরি হলে পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
অন্যদিকে, লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ দশমিক ৩ মিলিমিটার। একই সময়ে চট্টগ্রামের আমবাগানে দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মতামত দিন