জাতীয়
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে অস্ট্রেলিয়ার কূটনৈতিক ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজতে হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠাতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে আন্তর্জাতিক আলোচনায় অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে কপ৩১-এর আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়। তারেক রহমান অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের বিভিন্ন খাতে সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে কৃষি খাতের উন্নয়ন নিয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়।

নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানো এবং খাল খনন কর্মসূচির কথাও জানান তিনি।

এদিকে বৈঠকে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে পারস্পরিক সফরের আমন্ত্রণ বিনিময় হয়। তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে আসার আগ্রহ প্রকাশ করেন। একইভাবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। তারেক রহমানও উপযুক্ত সময়ে দেশটি সফরের আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

মতামত দিন