আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যেকোনো পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত ইরান, দাবি আইআরজিসির।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আর বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়। দেশটির সামরিক বাহিনী নিজস্ব প্রযুক্তি ও সরঞ্জামের মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা বেলাইলি।

ইরানের সংবাদমাধ্যম মেহরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের নাগরিকদের নিশ্চিন্ত থাকার কারণ রয়েছে। সামরিক বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

বর্তমান সামরিক সক্ষমতার সঙ্গে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধের সময়কার পরিস্থিতির তুলনা করে বেলাইলি বলেন, গত কয়েক দশকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। ওই আট বছরের যুদ্ধে ইরান সব মিলিয়ে মাত্র ৮৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পেরেছিল। অথচ ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ‘ট্রু প্রমিজ’ অভিযানে প্রতিদিন ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা দেখিয়েছে দেশটি।

যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্রের সরবরাহ ও উৎক্ষেপণ ব্যবস্থায় সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। তখন প্রতিটি লঞ্চারের জন্য বরাদ্দ থাকত মাত্র একটি ক্ষেপণাস্ত্র। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা হয়েছে বলে দাবি করেন এই সামরিক কর্মকর্তা। তাঁর ভাষ্য, ইরানের সব সরঞ্জাম ও সামরিক সক্ষমতা এখন প্রস্তুত রয়েছে।

এদিকে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বিষয়ে ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের পক্ষেও অবস্থান নিয়েছেন বেলাইলি। তিনি বলেন, এসব বক্তব্যের যথেষ্ট ভিত্তি রয়েছে। তবে সক্ষমতার বিস্তারিত প্রকাশ না করে উপযুক্ত সময়ে বিশ্ব তা দেখতে পাবে বলে মন্তব্য করেন তিনি।

আইআরজিসির নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচনের কয়েক দিনের মধ্যেই তাঁর এই বক্তব্য সামনে এল। ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি এবং সামরিক অবকাঠামোর সক্ষমতা তুলে ধরে তেহরান নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতির বিষয়ে বার্তা দিচ্ছে। সূত্র: আল-জাজিরা।

মতামত দিন