সৌদি আরবের নিরাপত্তায় প্রতিরক্ষা চুক্তি কার্যকরে জোর পাকিস্তানের।
সৌদি আরবের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করতে রাজি নয় পাকিস্তান। দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বিদ্যমান যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার ওপর গুরুত্ব দিচ্ছে ইসলামাবাদ।
পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তা এবং পবিত্র দুই মসজিদের সুরক্ষা পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
সৌদি আরবের বিমানবন্দর, শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব হামলা দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। এর প্রভাব শুধু সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।
পাকিস্তান ও সৌদি আরবের সামরিক সম্পর্কের বিষয়ে তিনি জানান, পাকিস্তানের সেনাসদস্যরা আগে থেকেই সৌদি আরবে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতাও রয়েছে। গত বছর ঘোষিত যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এই সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও বিস্তৃত করার কাঠামো তৈরি হয়েছে।
আঞ্চলিক উত্তেজনা প্রসঙ্গে আহমেদ শরিফ চৌধুরী বলেন, সংঘাত ছড়িয়ে পড়লে কোনো পক্ষই লাভবান হবে না। তাই সংশ্লিষ্ট দেশগুলোর উচিত সংযম দেখানো এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করা।
ইরানের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। তাঁর তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠক হয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখার উপায় নিয়ে সেখানে আলোচনা করা হয়।
পাকিস্তানের সামরিক মুখপাত্রের ভাষ্য, পাকিস্তান-সৌদি আরবের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট—দুটিই প্রতিরক্ষামূলক উদ্যোগ। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালানো এসব ব্যবস্থার লক্ষ্য নয়।
এদিকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। তিন দেশের মধ্যে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে চায় পাকিস্তান। সূত্র: বিবিসি।
মতামত দিন