জাতীয়
ছবি: সংগৃহীত

সফটওয়্যার সমস্যায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন ও অন্যান্য সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো নাগরিক। সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি বর্তমানে লক অবস্থায় রয়েছে।

সমস্যাটি সমাধানে নতুন সফটওয়্যার তৈরির কাজ চললেও কবে নাগাদ তা চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আঙুলের ছাপের মান দুর্বল হওয়া এবং এক ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে অন্য ব্যক্তির ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব এনআইডি লক হয়েছে। ফলে সংশ্লিষ্ট নাগরিকেরা পরিচয়পত্রের স্বাভাবিক সেবা পেতে সমস্যায় পড়ছেন।

এই জটিলতা কাটাতে সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন ব্যবস্থা চালু হলে নাগরিকদের আর কেন্দ্রীয় পর্যায়ের ওপর নির্ভর করতে হবে না। উপজেলা পর্যায় থেকেই লক হওয়া এনআইডির সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান পাওয়া যাবে। বর্তমানে যাঁরা বিষয়টি জানাচ্ছেন, তাঁদের এনআইডি আনলক করে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক থাকার বিষয়টি জানান। তবে নতুন সফটওয়্যার চালুর নির্দিষ্ট সময় এখনো জানাতে পারেনি কমিশন।

মতামত দিন