জাতীয়
ছবি: সংগৃহীত

৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা, শুক্রবার থেকে শুরু বিশেষ ওএমএস।

নিজেস্ব প্রতিবেদক:

উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয়ে কিছুটা স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন একজন শ্রমিক।

প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে এই কার্যক্রম চালুর সম্ভাবনা রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে তিন মাসের জন্য কর্মসূচিটি পরিচালনার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির আওতায় সপ্তাহের ছুটির দিন শুক্রবার পোশাকশ্রমিকদের কাছে চাল বিক্রি করা হবে। এ জন্য ৭৫টি খোলা ট্রাক ব্যবহারের পরিকল্পনা করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রি করা হবে।

প্রথম পর্যায়ে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

এদিকে কর্মসূচি পরিচালনার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে এ বরাদ্দ চাওয়া হয়েছে। এতে ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চালের সংস্থান এবং ট্রাক পরিচালনা, পরিবহনসহ আনুষঙ্গিক ব্যয়ের জন্য বিশেষ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ। এর ধারাবাহিকতায় পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানো ও সহজে চাল কেনার সুযোগ তৈরি করতে বিশেষ ওএমএস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত কাজে লাগিয়ে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এতে একদিকে শ্রমিকদের কম দামে চাল পাওয়ার সুযোগ তৈরি হবে, অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির সময়ে তাদের সংসারের খাদ্য ব্যয়ের চাপ কিছুটা কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

মতামত দিন