এইচএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আসছে। এ লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানানো হয়।
প্রকাশিত সূচিতে দেখা গেছে, ইংরেজি প্রথম পত্র দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। প্রথম দিনের পর ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার শেষ দিনে অর্থনীতি ও আরবি বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। এ সময়ের মধ্যেই ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্ধারিত তারিখ অনুযায়ী নেওয়া হবে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ও বিকেল—দুই পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পালা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় পালা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এদিকে পরীক্ষার্থীদের জন্য কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে পরীক্ষার প্রয়োজনে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
মতামত দিন