ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আনবে বাংলাদেশ, অনুমোদনের সুপারিশ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে তিনটি পৃথক সাইড-লেটার চুক্তি এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি থেকে প্রস্তাবিত দুই কার্গো এলএনজি কেনার ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) বাজারদরের চেয়ে ১৮ সেন্ট কম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে সরবরাহের কার্গো সংখ্যা বাড়ানো বা কমানো যাবে।

অন্যদিকে ওমানের ওকিউ ট্রেডিংয়ের সঙ্গে বিদ্যমান এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় নতুন করে তিনটি সাইড-লেটার স্বাক্ষরের প্রস্তাব এসেছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তি এসপিএ-১ ও এসপিএ-২ এবং স্বল্পমেয়াদি চুক্তি এসপিএ-৩ অন্তর্ভুক্ত রয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে ২০২৭ সালের আমদানি পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় ওমান ও মালয়েশিয়া—দুই উৎস থেকেই এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

মতামত দিন