আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করে ইরানের বার্তা

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের বিরুদ্ধে আবার কোনো সামরিক হামলা হলে তার প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে থাকবে না বলে সতর্ক করেছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। এমন হুঁশিয়ারির মধ্যেই নিজেদের নতুন একটি বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

খবর জেরুজালেম পোস্টের।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত ভিডিওতে আইআরজিসির দুই শীর্ষ কর্মকর্তাকে মাটির নিচে নির্মিত ওই সামরিক কমপ্লেক্স পরিদর্শন করতে দেখা যায়। সেখানে সারি সারি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা রয়েছে। স্থাপনাটিকে ‘মিসাইল সিটি’ হিসেবে তুলে ধরেছে ইরান।

ভিডিওতে ফাত্তাহ-১ ও খাইবার শেকান মডেলের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। পাশাপাশি সাধারণ পণ্যবাহী ট্রাকও রয়েছে, যেগুলোর পেছনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা আড়াল করে রাখার ব্যবস্থা করা হয়েছে।

স্থাপনাটি ঘুরে দেখার সময় মেজর জেনারেল আলী আবদোল্লাহি সম্ভাব্য প্রতিপক্ষকে সতর্ক করেন। তাঁর বক্তব্য, ইরানের ওপর নতুন করে হামলা চালানো হলে পাল্টা জবাবের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরেও বিস্তৃত হতে পারে।

২০২৫ সালের সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার দাবি উঠেছিল। তবে আইআরজিসির ভাষ্য, ভূগর্ভের গভীরে নির্মিত সুরক্ষিত স্থাপনাগুলোতে ড্রোন ও অস্ত্র উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রবল বোমা হামলার মধ্যেও উৎপাদন সচল রাখার লক্ষ্যেই এসব কমপ্লেক্স তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা চলার মধ্যে নতুন স্থাপনার ভিডিও প্রকাশকে নিজেদের সামরিক সক্ষমতা অটুট থাকার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন