অর্থনীতি
ছবি: সংগৃহীত

দরপতনের পর ঘুরে দাঁড়াল স্বর্ণের বাজার।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আন্তর্জাতিক স্বর্ণবাজারে বড় উত্থানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই মঙ্গলবারের দরপতনের পর বুধবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান ধাতুটির বাজার।

একই প্রবণতা দেখা গেছে রুপা ও প্যালাডিয়ামের দামেও।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ৪ হাজার ৫৭ দশমিক ৩৩ ডলারে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। মঙ্গলবার এক দিনেই প্রায় ৩ শতাংশ দর হারিয়ে স্বর্ণের দাম নেমেছিল ৪ হাজার ১৭ দশমিক ২১ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, বড় দরপতনের পর কম দামে স্বর্ণ কেনার প্রবণতা তৈরি হয়েছে। এতে বুধবার বাজারে ইতিবাচক পরিবর্তন এসেছে। ফাইন্যান্সিয়াল সেবা প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন রয়টার্সকে বলেন, দরপতনের সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা মুনাফা তুলে নিচ্ছেন।

তবে স্বর্ণের দাম বাড়ার ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন সিদ্ধান্ত কার্যকর হলে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী চাপ কমে যেতে পারে।

ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও বুধবার শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের দর দাঁড়িয়েছে ৪ হাজার ৬৫ দশমিক ৪০ ডলার। একই সময়ে রুপার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫৩ দশমিক ০১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৫০ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে।

দেশে ভরিপ্রতি স্বর্ণের দর

আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ভ্যাটসহ এই দর নির্ধারিত হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

মতামত দিন