জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকার প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের চেকপোস্ট, চলছে যানবাহনে তল্লাশি।

নিজেস্ব প্রতিবেদক:

মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ এবং অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের টহল ও নজরদারি।

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, মহানগর পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট একসঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক চলাচল শনাক্ত করতে পুলিশ সদস্যরা যানবাহন ও ব্যক্তিদের ওপর নজর রাখছেন।

ডিএমপি জানায়, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগেই অপরাধ প্রতিরোধের লক্ষ্যেও এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে, যাতে নগরবাসীর চলাচল নিরাপদ থাকে।

আকতার হোসেন আরও জানান, সাধারণ মানুষের জানমালের পাশাপাশি সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের নিরাপত্তাও গুরুত্ব পাচ্ছে। রাজধানীতে এ ধরনের নিরাপত্তামূলক তৎপরতা অব্যাহত থাকবে।

মতামত দিন