আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে শুক্রবার নতুন লঘুচাপের সম্ভাবনা, চার বিভাগে বৃষ্টির আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ১৩ নভেম্বর একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অঞ্চলে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বিস্তৃতি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। এরই মধ্যে শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

মতামত দিন