জাতীয়
ছবি: সংগৃহীত

ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ।

নিজেস্ব প্রতিবেদক:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের দাবি ও অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে তুরস্ক সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি ইস্তাম্বুলে পৌঁছেছেন।

সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুলে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে বিকেলে আন্তালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।

সফরের প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচি হিসেবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

এদিকে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু-সংক্রান্ত অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, অভিযোজন কার্যক্রম, জলবায়ু অর্থায়ন এবং পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের দাবি তুলে ধরবেন তিনি।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের আয়োজন চলছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের বিষয়টি বিবেচনায় রয়েছে। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য ও জলবায়ু সহযোগিতা গুরুত্ব পাবে।

বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। এ কারণে অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু তহবিল নিশ্চিত করা ঢাকার অন্যতম অগ্রাধিকার।

সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতির চিত্রও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে সরকার। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা অর্জনে দেশের অভিজ্ঞতা এবং দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর এশীয় অঞ্চলে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলার উদ্যোগগুলো তুলে ধরা হবে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি পার্শ্ববৈঠকের আয়োজন করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নারীদের বিশেষ ঝুঁকি নিয়ে আলোচনা হবে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারের প্রতিবন্ধকতা তুলে ধরা হবে।

পররাষ্ট্র সচিব জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তমন্ত্রণালয় পরামর্শের মাধ্যমে সম্মেলনে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। এতে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রেস সচিব এএএম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ ও দেশগুলোর দায়িত্ব নিয়ে আলোচনা হয়। এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে অস্ট্রেলিয়া। সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন