জাতীয়
ছবি: সংগৃহীত

শুধু ডিগ্রি নয়, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ মানুষ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের উচ্চশিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষাকে কর্মবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য শুধু ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না; বরং শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা, কর্মসংস্থান এবং অর্জিত জ্ঞান সমাজে কতটা কাজে লাগছে, সেটিই গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষাকে বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম তৈরি করতে হবে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ বাড়ানো প্রয়োজন। তরুণদের কেবল চাকরির পেছনে ছোটা মানুষ হিসেবে নয়, উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থান তৈরির সক্ষমতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষাব্যবস্থার অতীত দুর্বলতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিগত দেড় দশকে শিক্ষাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়ায় অনেক মানহীন প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং বিপুলসংখ্যক সম্ভাবনাময় তরুণকে হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। এতে দেশের মেধা ও সম্ভাবনারও অপচয় হয়েছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ বজায় রাখার কথাও বলেন রাষ্ট্রপতি।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবটিকস কর্মজগতের প্রচলিত ধারণা বদলে দিচ্ছে। ফলে বর্তমানের অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে যথেষ্ট নাও হতে পারে। শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

প্রযুক্তির ব্যবহারে নৈতিকতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। তার ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

সমাবর্তনে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যবহারের তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে যেসব মানুষের শ্রম ও অবদান রয়েছে, তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারার মধ্যেই অর্জনের প্রকৃত মূল্য নিহিত।

সমাবর্তনকে শুধু সনদ গ্রহণের আনুষ্ঠানিকতা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতির পাশাপাশি নতুন দায়িত্ব গ্রহণেরও উপলক্ষ। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না। শুধু সনদনির্ভর জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়; এর জন্য দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ প্রয়োজন।

শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও ন্যায়নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মেধা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে জ্ঞানভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম তামিম স্বাগত বক্তব্য দেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আইনুন নিশাত। এর আগে সকাল ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সমাবর্তনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

মতামত দিন