আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতে আইফোনের যন্ত্রাংশ তৈরির কারখানায় বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

আগুন, পানি দূষণ ও সাইবার হামলার মতো একের পর এক সমস্যার মুখে পড়া ভারতের টাটা ইলেকট্রনিকসের হোসুর কারখানায় এবার প্রাণহানির ঘটনা ঘটেছে। বর্জ্য পরিশোধনাগারে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে মারা গেছেন তিন চুক্তিভিত্তিক শ্রমিক।

ঘটনাটি ঘিরে কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে তামিলনাড়ুর হোসুরে এ দুর্ঘটনা ঘটে। কারখানাটিতে অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়।

জেলা কর্মকর্তা দিনেশ কুমার জানান, বর্জ্য পরিশোধনাগারের একটি বাহ্যিক ন্যানো-ফিল্ট্রেশন ট্যাংক পরিদর্শনের সময় গ্যাসের সংস্পর্শে আসেন শ্রমিকরা। এতে তাদের শ্বাসকষ্টসহ গুরুতর শারীরিক সমস্যা দেখা দেয় এবং শেষ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়। ওই পরিশোধনাগার পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইকোল্যাবের সহযোগী প্রতিষ্ঠান নালকো ওয়াটার।

এ ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। অ্যাপল ও টাটা গ্রুপও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। রাজ্যটির শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্তনা এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, মৃত্যুর ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করে ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তবে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় কারখানাটির উৎপাদন ব্যাহত হয়নি। দীপাবলি উপলক্ষে চলতি সপ্তাহে কারখানাটি বন্ধ থাকায় উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে শিল্প খাতের সূত্র।

ভারতে অ্যাপলের উৎপাদন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার টাটা গ্রুপ। চীনের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগের অংশ হিসেবে দেশটিতে আইফোন উৎপাদন বাড়িয়েছে অ্যাপল। বর্তমানে বিশ্বের মোট আইফোনের প্রায় ২৫ শতাংশ ভারতে তৈরি হয়। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ সংযোজনের দায়িত্বে রয়েছে টাটার ইলেকট্রনিকস বিভাগ। বাকি অংশের বড় অংশ তৈরি করে তাইওয়ানের ফক্সকন।

হোসুরের এই কারখানায় ২০২৪ সালে একটি উৎপাদন ইউনিটে অগ্নিকাণ্ডের কারণে কাজ বন্ধ রাখতে হয়েছিল। চলতি বছর ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগেও কারখানাটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য সরকার। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ।

একই কম্পাউন্ডে থাকা অন্য একটি আইফোন কারখানাও সাইবার হামলার শিকার হয়েছিল। রয়টার্সের তথ্য অনুযায়ী, র‍্যানসমওয়্যার হামলায় অ্যাপলের অপ্রকাশিত আইফোন ১৮ প্রো মডেলসংক্রান্ত বিভিন্ন নথি ফাঁস হয়ে যায়।

তামিলনাড়ুতে ফক্সকন, হুন্দাই, ভিনফাস্ট ও বিএমডব্লিউর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। ভারতের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত এই রাজ্যে নতুন করে শ্রমিক মৃত্যুর ঘটনা শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে সামনে এনেছে।

মতামত দিন