রাজধানীতে ককটেল বিস্ফোরণ: এক দিনে গ্রেপ্তার ৩৩, উদ্ধার ৭ ককটেল।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি জানান, রাজধানীতে যেসব স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেসব ঘটনার অধিকাংশের সঙ্গে সরাসরি জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা প্রাথমিকভাবে ৩৩ জন। অভিযান ও তথ্য যাচাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে।
আকতার হোসেন বলেন, নগরজুড়ে গোয়েন্দা নজরদারিতে কোনো ঘাটতি নেই। দেশজুড়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ডিএমপির অভিযানও অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
মতামত দিন