ফরিদপুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, ৮ জনের আমৃত্যু কারাদণ্ড।
ছয় বছর আগে ফরিদপুরের একটি কাশবনে তরুণীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের ঘটনায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার। তাদের সবার বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানা এলাকায়।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনে ওই তরুণীকে আটকে রেখে নির্যাতন করেন আসামিরা। এ সময় সংঘবদ্ধ ধর্ষণের পাশাপাশি মোবাইল ফোনে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করা হয়। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।
পরে ওই ঘটনার ভিডিও জেলা গোয়েন্দা পুলিশের হাতে পৌঁছালে তদন্ত শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
শাহীনকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত করা হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আটজনকেই দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে ভুক্তভোগীর পরিবার ও সমাজ ন্যায়বিচার পেয়েছে। নারীর নিরাপত্তা বিঘ্নিত করে এমন অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।
মতামত দিন