স্বর্গে যেতে চান ট্রাম্প, তবে শত্রুদের ক্ষমা করতে রাজি নন।
মৃত্যুর পর স্বর্গে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেও রাজনৈতিক বিরোধীদের ক্ষমা করার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের কিছু শত্রুকে ঘৃণা করেন এবং ভবিষ্যতেও সেই মনোভাব বজায় রাখবেন বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে পরকাল, মৃত্যু ও নিজের বিশ্বাস নিয়ে কথা বলেন ট্রাম্প। রোববার (৮ নভেম্বর) প্রচারিত সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি মনে করেন।
প্রশ্নের জবাবে প্রথমে মানুষের স্মৃতিতে বেঁচে থাকার প্রত্যাশা জানান ৮০ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। এরপর নিজের ধর্মীয় বিশ্বাসের কথা তুলে ধরে বলেন, একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে তাত্ত্বিকভাবে তার স্বর্গে যাওয়ার কথা। তিনি স্বর্গে যেতে চান, নরকে নয় বলেও মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্পের মৃত্যুচিন্তার প্রসঙ্গটি সামনে আনেন অনুষ্ঠানের সংবাদদাতা রস ডুথাট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে ও পরে একাধিকবার হত্যাচেষ্টার মুখে পড়ার অভিজ্ঞতা তার মৃত্যুর বিষয়ে চিন্তাভাবনায় কোনো পরিবর্তন এনেছে কি না, তা জানতে চান তিনি।
একপর্যায়ে মৃত্যুর পরের জীবন নিয়ে প্রশ্ন করার পর ট্রাম্প বলেন, আশা করেন মানুষ তাকে মিস করবে। এরপর নিজের স্বর্গে যাওয়ার প্রত্যাশার কথা জানান।
তবে পরকালে স্বর্গে যাওয়ার জন্য রাজনৈতিক শত্রুদের ক্ষমা করার শর্ত সামনে এলে ভিন্ন অবস্থান নেন ট্রাম্প। ডুথাট তার কাছে জানতে চান, জেমস কোমি, ন্যান্সি পেলোসিসহ যেসব রাজনৈতিক ব্যক্তির প্রতি তিনি দীর্ঘদিন ধরে বিরূপ মনোভাব প্রকাশ করে আসছেন, তাদের ক্ষমা করে ভালোবাসার মনোভাব দেখাতে পারবেন কি না।
এর জবাবে সরাসরি অসম্মতি জানান ট্রাম্প। তিনি বলেন, সত্যি বলতে এমনটা করতে পারবেন না। কারণ, তার কিছু শত্রুকে তিনি ঘৃণা করেন এবং সব সময়ই করবেন।
সাক্ষাৎকারে মৃত্যু ও পরকাল নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য রাজনৈতিক বিরোধীদের প্রতি তার ব্যক্তিগত অবস্থানও নতুন করে সামনে এনেছে।
মতামত দিন