শ্রমিক অসন্তোষ ঘিরে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে বিজিবির ৩৪ প্লাটুন মোতায়েন।
পোশাক কারখানাকেন্দ্রিক শ্রমিক অসন্তোষের মধ্যে রাজধানী ঢাকা এবং আশপাশের দুই জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাহিনীটির ৩৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোতায়েনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় বিজিবি সদস্যদের অবস্থান রয়েছে। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইলেও তারা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ের সদস্যদের পাশাপাশি বিজিবি সদরদপ্তরেও বিশেষ নজরদারি ব্যবস্থা চালু রয়েছে। ড্রোন, সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করছে সদরদপ্তরের মনিটরিং সেল।
বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
মতামত দিন