পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে নিম্নতম মজুরি বোর্ডের কাছে লিখিতভাবে এ দাবি তুলে ধরেছেন শ্রমিক প্রতিনিধিরা।
সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেওয়া হয়। বৈঠক শেষে বোর্ডের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।
সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে এখনো কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিক প্রতিনিধিরা এখন পর্যন্ত তাদের লিখিত প্রস্তাব জমা দেননি। এ জন্য তাদের চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে। প্রস্তাব পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন।
তবে শ্রমিকদের ৩২ হাজার টাকার দাবির বিপরীতে মালিকপক্ষ কত টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেয়, তা এখনো জানা যায়নি। দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা এবং বোর্ডের পরবর্তী আলোচনার ভিত্তিতেই নতুন মজুরি কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত আসবে।

মতামত দিন