বিনোদন
ছবি: সংগৃহীত

ওমরাহ পালনের ছবি প্রকাশ করে বিয়ের খবর জানালেন অভিনেত্রী নাজনীন নীহা।

নিজেস্ব প্রতিবেদক:

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রেখেছেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা। তবে এবার স্বামীর সঙ্গে পবিত্র ওমরাহ পালনের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

ছবির মাধ্যমে নিজের দাম্পত্য জীবনের খবরও সামনে এনেছেন এই অভিনেত্রী।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের সামনে স্বামীর সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেন নীহা। যদিও ছবিতে স্বামীর মুখ প্রকাশ করেননি তিনি।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী জানান, এতদিন নিজেদের সম্পর্কের বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। এখন সেই পথচলার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান। একই সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের দাম্পত্য জীবনে বরকত কামনা করেন তিনি।

নীহার এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। ভক্ত ও অনুরাগীরা তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে গত জুনের শেষ দিকে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘এনগেজড’ লিখেছিলেন নাজনীন নীহা। এরপরই তাঁর বাগ্‌দানের খবর ছড়িয়ে পড়ে। তবে সে সময় বাগ্‌দানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, আর সিঙ্গেল নেই। বাকি বিষয়গুলো উপযুক্ত সময়ে সবাইকে জানাবেন।

এবার স্বামীর সঙ্গে ছবি প্রকাশের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটালেন নীহা। তবে এখনো স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যে তাঁর স্বামী পাকিস্তানি নাগরিক বলে দাবি করা হলেও এ বিষয়ে নীহা বা তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন