আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইয়েমেনের ৮ প্রদেশে বিমান হামলা, ৭২ জন নিহতের দাবি হুথিদের।

নিজেস্ব প্রতিবেদক:

ইয়েমেনে একযোগে আটটি প্রদেশে বিমান হামলার ঘটনায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। হামলার পর বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

ফলে উদ্ধার অভিযান চলার সঙ্গে সঙ্গে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

আল জাজিরার এক সংবাদদাতার বরাতে জানা গেছে, হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার পূর্বাঞ্চলে বানি হুশাইশ এলাকায় হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। এ ছাড়া ইয়েমেনের আরও সাতটি প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হুথিদের অভিযোগ, সৌদি নেতৃত্বাধীন জোটের এসব হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক প্রাণহানি ঘটেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

গোষ্ঠীটির আশঙ্কা, হামলায় বিধ্বস্ত ভবন ও স্থাপনার ধ্বংসাবশেষের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছেন। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া কঠিন।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, নতুন করে এই হামলার ঘটনা ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ এবং প্রাণহানির ঘটনা দেশটির আগে থেকেই বিপর্যস্ত মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলার আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন