আবহাওয়া
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রিতে।

নিজেস্ব প্রতিবেদক:

দিনের বেলায় রোদের তাপ থাকলেও রাত নামলেই বদলে যাচ্ছে পঞ্চগড়ের আবহাওয়া। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঠান্ডা বাতাস ও কুয়াশায় শীতের অনুভূতি বাড়ছে।

এরই মধ্যে দেশের সর্বউত্তরের এ জেলায় তাপমাত্রা নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠানামা চলছে। আগের দিন শনিবার বিকেলে পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। এতে শীতের অনুভূতি আরও বাড়বে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় সূর্যের আলোয় আবহাওয়া কিছুটা উষ্ণ থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়ে। ভোরের দিকে কখনো হালকা, আবার কখনো ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কুয়াশার পরিমাণ আগের কয়েক দিনের তুলনায় কম থাকলেও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসে শীতের উপস্থিতি টের পাওয়া গেছে।

তাপমাত্রা কমে যাওয়ায় রাত ও ভোরে বাইরে কাজ করা মানুষদের ভোগান্তিও বাড়ছে। বিশেষ করে রিকশাচালক ও মোটরসাইকেল আরোহীদের ঠান্ডা বাতাসের মধ্যে চলাচল করতে হচ্ছে। কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া অনেকেই এখন জ্যাকেটসহ গরম পোশাক ব্যবহার করছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সন্ধ্যার পর থেকেই শীত বাড়তে শুরু করে। রাতের শেষভাগে কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে। সকালে বাইরে বের হতেও প্রয়োজন হচ্ছে গরম কাপড়ের।

আবহাওয়ার এমন পরিবর্তনে পঞ্চগড়ে শীতের আগমনী আমেজ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমলে জেলার জনজীবনে শীতের প্রভাব বাড়তে পারে।

মতামত দিন