রিয়াদে আরামকোর ভবনে হুথিদের হামলা, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ক্ষয়ক্ষতি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা প্রতিহত করার পর আকাশ থেকে পড়ে আসা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভবনটিতে আঘাত হানলে এ ক্ষয়ক্ষতি হয়।
রোববার (৮ নভেম্বর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট নিরাপত্তা ও জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
এর আগে রোববার ভোরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, রাজধানী রিয়াদসহ দেশটির দক্ষিণাঞ্চলের আকাশসীমায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। পরে সেগুলো প্রতিহত করে ধ্বংস করা হয়।
ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আরামকোর ভবনে ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটল। এর আগেও সৌদি ভূখণ্ড লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর স্থাপনায় এ ধরনের হামলার ঘটনা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: আনাদোলু
মতামত দিন