জাতীয়
ছবি: সংগৃহীত

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে।

যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করে দেশের মানুষের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। ৭ নভেম্বর সিপাহি-জনতা সেই গোষ্ঠীকে পরাজিত করেছিল। ১৯৭১, ৭ নভেম্বর এবং ২০২৪ সালের চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমান ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পলাতক ও ষড়যন্ত্রকারীরা দেশের সার্বভৌমত্ব দাবিয়ে রাখতে চায়। তাদের অপচেষ্টা রুখে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে পৌঁছান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। হাত নেড়ে সমবেত জনতার শুভেচ্ছার জবাব দেন তিনি।

সমাবেশ শেষে তাঁর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ‘সার্বভৌমত্ব’ শিরোনামে শোভাযাত্রা। এতে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো নয়াপল্টন এলাকায় ব্যাপক জনসমাগম তৈরি হয়।

শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানের পাশাপাশি ছিল ব্যতিক্রমী আয়োজন। ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে মিছিলে যোগ দেন কয়েকটি দলীয় অংশের নেতাকর্মীরা। এসব আয়োজন দেখতে রাস্তার পাশে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়। ফলে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শোভাযাত্রাটি পরিণত হয় বর্ণাঢ্য জনসমাগমে।

মতামত দিন