নতুন পে স্কেলে শিক্ষকদের জন্য বড় সুখবর।
নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সমন্বয়ে অতিরিক্ত প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা চেয়ে অর্থ বিভাগের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) হিসাব অনুযায়ী, আগামী বছরের মে মাস পর্যন্ত ছয় মাসের বকেয়াসহ স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৩ লাখ টাকা প্রয়োজন। কলেজ পর্যায়ে এ খাতে প্রয়োজন হবে আরও ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা।
এই অর্থের চাহিদা নির্ধারণ করে গত ১ নভেম্বর মাউশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে হিসাব পাঠায়। পরে একই দিন প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। ২০২৬ সালের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নতুন স্কেল বাস্তবায়নে অর্থ বরাদ্দের বিষয়ে মৌখিক সম্মতি পাওয়া গেছে। সব প্রক্রিয়া সময়মতো শেষ হলে ডিসেম্বরের বেতন নতুন কাঠামোতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব না হলে আগামী বছরের শুরু থেকে কার্যকরের সম্ভাবনা রয়েছে।
এদিকে শিক্ষক-কর্মচারীরা নতুন স্কেলের বর্ধিত বেতন একসঙ্গে পাবেন, নাকি কয়েকটি ধাপে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি। অর্থ বিভাগের আনুষ্ঠানিক অনুমোদন এবং অর্থ ছাড়ের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট হবে।
মতামত দিন