হরমুজে ট্যাঙ্কারে মাইন বিস্ফোরণ, জাহাজ চলাচলে ইরানের কড়া হুঁশিয়ারি।
হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরানের নৌবাহিনী।
ইরানের আধা-সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ট্যাঙ্কারে মাইন বিস্ফোরণের ঘটনার পর এ সতর্কবার্তা দিয়েছে দেশটির নৌবাহিনীর জনসংযোগ বিভাগ।
বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ এলাকায় চলাচল না করার বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছে। এরপরও কোনো জাহাজ বা নৌযান সেই নির্দেশনা অমান্য করলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।
ইরানের এই বার্তায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর দেশটির কঠোর নিয়ন্ত্রণ আরোপের অবস্থান স্পষ্ট হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার পর নৌপথটিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়।
এ কারণে প্রণালীটিতে সামরিক উত্তেজনা বৃদ্ধি কিংবা জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দামের ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং ইরানের সর্বশেষ হুঁশিয়ারির পর পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
মতামত দিন