জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৫৮ জন।

এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও তিনজন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ চিত্র উঠে এসেছে।

বুলেটিনের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে নতুন করে ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশালে ২১৩ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১৫৩ জন এবং চট্টগ্রামে ৩১১ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে ময়মনসিংহে ৫০ জন, রংপুরে ৬০ জন এবং সিলেটে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে অক্টোবর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান। নভেম্বরের প্রথম সাত দিনেই প্রাণ গেছে ৩৫ জনের।

মতামত দিন