সৌদি আরবের বিধিনিষেধে ১৮০ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী।
সৌদি আরবের আকাশপথে চলাচলে বিধিনিষেধের প্রভাব পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগে। এতে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়া এবং দেশে ফেরার পথে ২৩ হাজার ৮৫ জন যাত্রী দুর্ভোগে পড়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেবিচকের হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে সরাসরি চলাচলকারী ১০৩টি এবং ট্রানজিটের ৭৭টি ফ্লাইট রয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে। সংস্থাটির ৫১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এ ছাড়া ইন্ডিগোর ৩০টি, সৌদিয়ার ২১টি, রিয়াদ এয়ারওয়েজের ২১টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট চলাচলে সমস্যা হয়েছে।
অন্যদিকে এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাই ও এয়ার ইন্ডিয়ার ৮টি করে, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটও এই তালিকায় রয়েছে।
ফ্লাইটের সময়সূচি ও চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় থাকা এবং সেখান থেকে দেশে ফেরার পরিকল্পনা করা যাত্রীরা বেশি সমস্যায় পড়েছেন।
এ পরিস্থিতিতে বিমান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইনস ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বেবিচক। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণ এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে সমন্বয় করা হচ্ছে।
মতামত দিন