পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা।
সপ্তাহের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্র ও শনিবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রোববার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, যা মঙ্গলবার পর্যন্ত কয়েকটি বিভাগে অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরদিন সোমবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এ তালিকায় ময়মনসিংহ বিভাগও যুক্ত হতে পারে।
তবে বৃষ্টির আগে শুক্র ও শনিবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা জানিয়েছে সংস্থাটি। এ দুই দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। শুক্রবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য স্থানে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।
রোববার বৃষ্টির পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাত ও দিন—দুই সময়েই তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মতামত দিন