সারাদেশে কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা।
কারাগারের ভেতরে নিরাপত্তার ঘাটতি, দায়িত্বে অবহেলা ও অনিয়ম ঠেকাতে তদারকি বাড়িয়েছে কারা অধিদপ্তর। সারাদেশের কারাগারগুলোতে নজরদারি জোরদারের পাশাপাশি দায়িত্বে গাফিলতি করা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগও চলছে।
কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মেসবাহুল আলম সেলিম জানিয়েছেন, নির্দেশনাগুলোর অগ্রগতি যাচাইয়ে প্রতিটি কারাগারে প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিতভাবে অধিদপ্তরের কাছে প্রতিবেদন ও মতামত পাঠাতে বলা হয়েছে।
তিনি জানান, নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে অধিদপ্তরের অপারেশনাল শাখাকে। এ কাজে সহায়তার জন্য ডেপুটি জেলারসহ অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এসব পদক্ষেপের সুফল দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কারাগারের লকআপের পরবর্তী কার্যক্রমে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। জরুরি প্রয়োজনে ব্যতিক্রমী কোনো ব্যবস্থা নিতে হলে জেলারের লিখিত অনুমতি নিতে হবে। সেই সঙ্গে কাজের সময়সীমা নির্ধারণ ও সংশ্লিষ্ট রেজিস্টারে বিস্তারিত তথ্য সংরক্ষণ করতে হবে।
কারাগারের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজন অনুযায়ী পৃথক পর্যবেক্ষণ কক্ষ স্থাপন এবং প্রশিক্ষিত কারারক্ষী নিয়োগ করতে বলা হয়েছে। আলাদা কক্ষের ব্যবস্থা না থাকলে উপযুক্ত স্থানে মনিটর বসিয়ে নিরবচ্ছিন্ন নজরদারি চালাতে হবে।
দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে অধিদপ্তর। কোনো প্রহরী বা নিরাপত্তাকর্মী অনুমতি ছাড়া নির্ধারিত স্থান ত্যাগ করলে তাৎক্ষণিকভাবে লিখিত প্রতিবেদন দিতে হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনা আড়াল করা কিংবা ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তত্ত্বাবধায়ক কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।
বারবার দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া কর্মীদের ক্ষেত্রে পুনঃপ্রশিক্ষণ, কাউন্সেলিং ও অনুপ্রেরণামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তাদের অন্য কারাগারে বদলি অথবা বিভাগীয় ব্যবস্থার মুখোমুখি করা হতে পারে। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার দায়ে দোষী কর্মীদের আন্তঃকারাগারে বদলির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কর্নেল মেসবাহুল আলম সেলিম।
এদিকে বৃষ্টি, বজ্রপাতসহ প্রতিকূল আবহাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। এ সময় দায়িত্বপ্রাপ্ত প্রহরীদের নির্ধারিত অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ ছাড়া কারাগারের সুপারিনটেনডেন্ট, জেলার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তদারকির পাশাপাশি আকস্মিক পরিদর্শন করতে বলা হয়েছে। এসব পরিদর্শনে নিরাপত্তা চৌকি, সিসিটিভি ব্যবস্থা, প্রহরীদের দায়িত্ব পালন এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি যাচাই করা হবে। কোনো ত্রুটি পাওয়া গেলে দ্রুত সংশোধনের ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত আগস্টে কারাগারের নিরাপত্তা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে সাত দফা নির্দেশনা জারি করেছিল কারা অধিদপ্তর। নির্দেশনায় সতর্ক করা হয়েছিল, কারাগারের ভেতরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা পুরো প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। নতুন পদক্ষেপগুলোর মাধ্যমে নিরাপত্তা ঘাটতি দূর করা এবং কারা ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে চায় অধিদপ্তর।
সূত্র: বাসস
মতামত দিন