জাতীয়
ছবি: সংগৃহীত

সব আবেদনকারীর জন্য ভারতীয় ভিসায় নতুন নিয়ম।

নিজেস্ব প্রতিবেদক:

ভারত ভ্রমণের উদ্দেশ্যে ভিসার আবেদন করতে গিয়ে নতুন একটি নথি জমা দিতে হবে বাংলাদেশিদের। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ক্যাটাগরির ভিসার আবেদনেই নির্ধারিত ‘Visa Undertaking Form’ বা ভিসা অঙ্গীকারনামা সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা আবেদনবিষয়ক পোর্টালে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ফর্মটি সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর সেটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। নির্ধারিত নমুনার বাইরে অন্য কোনো ফরম্যাট ব্যবহার করলে আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

নতুন অঙ্গীকারনামায় আবেদনকারীর ব্যক্তিগত পরিচয় ও ভ্রমণের উদ্দেশ্যসংক্রান্ত তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকার বর্তমান ঠিকানা। পাশাপাশি ভারত সফরের কারণও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

ফর্মে কয়েকটি শর্ত মেনে চলার অঙ্গীকার করতে হবে আবেদনকারীকে। এর মধ্যে রয়েছে, যে উদ্দেশ্যে ভিসা চাওয়া হয়েছে, শুধু সেই কাজেই ভারতে অবস্থান করা এবং সফর শেষে নিজ দেশে ফিরে আসা। ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান না করার ঘোষণাও দিতে হবে।

এ ছাড়া ভারতীয় আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি দিতে হবে। কোনো আইন লঙ্ঘন করলে ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্যতার ঝুঁকি তৈরি হতে পারে বলে ফর্মে উল্লেখ রয়েছে।

অঙ্গীকারনামার শেষ অংশে আবেদনকারীকে স্বাক্ষরের পাশাপাশি স্থান ও তারিখ লিখতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়মের ফলে ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামাটি পূরণ ও আপলোড করার বিষয়টি নিশ্চিত করতে হবে আবেদনকারীদের।

মতামত দিন