ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৬।
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য উঠে এসেছে।
বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে দেখা গেছে, গত এক দিনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন।
নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির হিসাবে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ২৯৫ জন, খুলনায় ২২১ জন এবং বরিশালে ২১৩ জন চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন। এছাড়া রাজশাহীতে ১৪৮ জন, ময়মনসিংহে ৮৩ জন, রংপুরে ৬৭ জন ও সিলেটে ১৯ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৭৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।
মাসভিত্তিক মৃত্যুর চিত্রেও অক্টোবরে পরিস্থিতির অবনতি দেখা গেছে। ওই মাসে ডেঙ্গুতে ১৮১ জনের মৃত্যু হয়। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা যান। মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসেই দুজন করে প্রাণ হারিয়েছেন।

মতামত দিন