আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদির শারুরাহে পরপর দুই জরুরি সতর্কবার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের নাজরান প্রদেশের শারুরাহ গভর্নরেটে হঠাৎ জরুরি পরিস্থিতির আশঙ্কায় বাসিন্দাদের উদ্দেশে পরপর দুটি সতর্কবার্তা পাঠিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে সতর্কতা জারির অল্প সময়ের মধ্যেই সম্ভাব্য বিপদ কেটে যাওয়ার কথা জানানো হয়।

কী কারণে এই সতর্কতা দেওয়া হয়েছিল, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বিবৃতিতে জানায়, জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্ম ব্যবহার করে শারুরাহর বাসিন্দাদের কাছে দুটি বার্তা পাঠানো হয়। প্রথম বার্তায় সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করা হলেও পরবর্তী বার্তায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়।

বিপদ কেটে যাওয়ার ঘোষণা এলেও স্থানীয়দের সতর্কতামূলক নির্দেশনা অনুসরণ করতে বলেছে বিভাগটি। পাশাপাশি ঘটনাস্থলে জড়ো হওয়া কিংবা ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হামলা নাকি অন্য কোনো পরিস্থিতি, স্পষ্ট নয়

জরুরি সতর্কবার্তার পেছনে কী ধরনের ঝুঁকি ছিল, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। সেখানে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কা তৈরি হয়েছিল কি না, তাও নিশ্চিত করা হয়নি।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শারুরাহর এই সতর্কবার্তা নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

তবে শারুরাহে জারি করা জরুরি সতর্কতার সঙ্গে হুতিদের কোনো তৎপরতা কিংবা সম্ভাব্য হামলার যোগসূত্র রয়েছে—এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মতামত দিন