চার দিন গ্যাস বন্ধের খবর ভিত্তিহীন, সরবরাহ কমতে পারে বলে জানাল পেট্রোবাংলা।
রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন দেশে গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। তবে এ সময়ে সারাদেশে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলছে। এ কারণে টার্মিনালটির মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে পুনরায় গ্যাসে রূপান্তরের কাজ (রিগ্যাসিফিকেশন) সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এই পরিস্থিতিতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট হতে পারে। ফলে সরবরাহের চাপ সামলাতে গিয়ে কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে।
এদিকে গ্যাস বন্ধের ঘোষণা দাবি করে সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে তৈরি কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নজরে আসার পর পেট্রোবাংলা জানিয়েছে, এসব প্রচারের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই।
সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন