অর্থনীতি
ছবি: সংগৃহীত

দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত করতেই এলপিজির দাম বাড়ানো হয়েছে: তথ্য উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

আমদানি করা জ্বালানির ব্যয় বেড়ে যাওয়ায় এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কল্যাণ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তাঁর ভাষ্য, আমদানিনির্ভর পণ্যে আগের মতো ভর্তুকি দেওয়ার সক্ষমতা সরকারের কমে আসছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান জানান, বর্তমানে প্রতি ইউনিট এলএনজি ৩০ ডলার দরে কিনতে হচ্ছে, যা আগের তুলনায় দ্বিগুণ। আমদানি করা পণ্য এবং দেশে উৎপাদিত পণ্যে ভর্তুকি দেওয়ার বিষয়টি একভাবে বিবেচনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে সরকার একমত। তবে মজুরি বোর্ড গঠনের পরও যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাঁরা শ্রমিক নন বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়েও বক্তব্য দেন জাহেদ উর রহমান। তাঁর অভিযোগ, বর্তমান সরকারকে দেশ পরিচালনায় বাধাগ্রস্ত করার চেষ্টা শেখ হাসিনা পুরো সময় ধরে চালিয়ে যাবেন। সরকার এ ধরনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে বলেও জানান তিনি।

মতামত দিন